বাংলাদেশের পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি-২০ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিরাপত্তা আয়োজন পরখ করার পর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে।
গতকাল বিসিবির এক পরিচালক পাকিস্তান সফর সম্পর্কে বলেছেন, ‘আমার মনে হয় দল পাকিস্তান সফরে যাবে। পুরো বিষয়টা আমাদের বোর্ড সভাপতি দেখছেন। উনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’
বিসিবি দল পাঠাতে সম্মত হলেও পাকিস্তান সফর স্পর্শকাতর বলে সরকারের চূড়ান্ত সবুজ সংকেতের বিষয়ও রয়েছে। অবশ্য নিরাপত্তা পরিদর্শক হিসেবে সরকারি কর্মকর্তারাই পাকিস্তান ঘুরে এসেছেন। পিসিবির নিরাপত্তা আয়োজন নিয়ে তাদের রিপোর্ট ইতিবাচকই ছিল।
পাকিস্তান সফরে দুই ফরম্যাটের পাঁচ ম্যাচ মিলে প্রায় তিন সপ্তাহ লাগবে। বাংলাদেশের ক্রিকেটাররা এত লম্বা সময় পাকিস্তানে থাকতে রাজি নয়। তাই জানুয়ারিতে পাকিস্তানে গেলেও তিনটি টি-২০ খেলেই ফিরতে চায় বাংলাদেশ। তাতে ৭-৮ দিন লাগবে। পরে দুটি টেস্ট পাকিস্তানের বাইরে খেলতে চায় বাংলাদেশ।
বিসিবির এক কর্মকর্তা কদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, ‘তিন সপ্তাহের জন্য পাকিস্তান সফরে যেতে রাজি নয় ক্রিকেটাররা। কোচিং স্টাফরা এরই মধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তিনটি টি-২০ ঠিক আছে, সাত-আট দিনে সফর শেষ হয়ে যাবে। কিন্তু তারা ২১ দিনের জন্য সেখানে যেতে রাজি নয়।’
তিনি আরো বলেছেন, ‘আমরা হয়তো পাকিস্তান বোর্ডকে অনুরোধ করব সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে। যদি তেমনটা হয় আমরা আশা করি, আইসিসি আমাদের বিষয়টা বিবেচনা করবে।’
এদিকে ঘরের মাঠে হোম সিরিজ আয়োজনে অনড় পিসিবি। দুই ভাগে খেললেও পিসিবি দেশের বাইরে হোম সিরিজ খেলবে না। পিসিবির মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি অনেক বছর ধরেই। কয়েক বছর ধরে বাংলাদেশ দলকে নেয়ার প্রাণপণ চেষ্টা করছে দেশটি। অবশেষে আংশিকভাবে হলেও সফল হতে যাচ্ছে পিসিবি। এরই মধ্যে শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর করেছে। ডিসেম্বরে পাকিস্তানে টেস্ট খেলতে যাবে লঙ্কানরা।
এদিকে পাকিস্তানেই হোম সিরিজ খেলতে বদ্ধ পরিকর পিসিবি। পিসিবির মুখপাত্র জিও টিভিকে এ প্রসঙ্গে বলেছেন, ‘আর কোনো হোম সিরিজ বিদেশে না খেলার সিদ্ধান্তে আমরা অনড় আছি। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রাথমিক পরিকল্পনা বিসিবিকে পাঠানো হয়েছে। ভেন্যু ও ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’
সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফর করেছে। দলগুলোর পাকিস্তান সফরের আগে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল নিরাপত্তা পরিকল্পনা দেখতে পাকিস্তানে গিয়েছিলেন। তাদের সম্মতিক্রমেই দুটি দল পাকিস্তান সফর করেছিল।
টি-২০ পাকিস্তানে, টেস্ট বাইরে আয়োজনে সম্মত নয় পিসিবি। জিও টিভিকে পিসিবির ঐ মুখপাত্র বলেছেন, ‘সফরের কিছু অংশ এক জায়গায়, বাকি অংশ আরেক জায়গায় আয়োজন করা সম্ভব নয়। এটা নিয়ে ভাবার আর কোনো অবকাশ নেই। পিসিবি বিশ্বাস করে তাদের (বাংলাদেশ) পুরুষ দল পাকিস্তান সফর নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। কারণ তাদের দুটি দলকে এরই মধ্যে আমরা আতিথ্য দিয়েছি।’
পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। খেলতে রাজি না হলে বাংলাদেশের পয়েন্ট কেটে নেয়া হবে।