বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর :তথ্যমন্ত্রী

এনএসইউতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হুমকি গতানুগতিক এবং বরাবরের মতোই হাস্যকর। গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই দলটি (বিএনপি) আন্দোলনের নামে বিগত সাড়ে ১০ বছর ধরে একের পর এক হুমকি ধমকি দিয়ে আসছে। তারা আইন মানে না, আদালতকেও সম্মান করে না। কারণ খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়ার জামিন দেওয়ার বিষয়টি সরকারের নয়, এটি আদালতের ব্যাপার। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতীতের মতো আন্দোলনের নামে গতানুগতিক হুমকি দিয়ে লাভ হবে না। তবে আদালত যদি জামিন দেয় তাহলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন। এছাড়া অন্যকোনো পথ খোলা নেই।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। নর্থ-সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ, সিটি ব্যাংকের চিফ রিস্ক অফিসার জাবেদ ইকবাল প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তথ্যমন্ত্রী ফিতা কেটে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়।