বরিশাল অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, নামাজ যেমন ফরজ, ইসলামি রাজনীতিও তেমন ফরজ। রাজনীতি এখন পুঁজিতে পরিণত হয়েছে। রাজনীতি করে একদল মানুষ কলাগাছ নয় বরং রাতারাতি বটগাছ বনে গেছে। এই রাজনীতির জন্য পির সাহেব চরমোনাই (র.) এর নামে ১৮টি মামলা হয়েছে। কিন্তু তিনি হক্বের আওয়াজ তোলা থেকে বিরত হননি। তিনি গতকাল শুক্রবার সকালে চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাতপূর্ব সমাপনী অধিবেশনে এসব কথা বলেন। পির সাহেব বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয় বরং আদর্শকে আঁকড়ে ধরে ইবাদতের রাজনীতি করে। আল্লাহ ও তার রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। একদল আলেম নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য অন্যের সমালোচনা করে। আমি কোরআন-হাদীসের ওপর চলার চেষ্টা করে আপনাদেরও কোরআন-হাদীসের নির্দেশিত পথে চলতে আহ্বান করি। তারপরেও যদি আপনারা দেখেন যে, আমি কোরআন-সুন্নাহর বিরুদ্ধে চলতে বলি তবে তা আমাকে দেখিয়ে দিলে আমি সংশোধন করে নেব।’
সকাল ৮টায় আখেরি মোনাজাতে পির সাহেব বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ এবং রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য দোয়া করেন। মোনাজাত শেষে আগত মুসল্লিরা বাস, লঞ্চ ও ট্রলারযোগে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। এ বছর এলাকায় দুটি মাঠ এবং নদীর বিস্তীর্ণ এলাকা, আশপাশের বাগান, ঘড়বাড়ির আঙিনাসহ কোনো স্থানে তিল পরিমাণ ঠাঁই ছিল না।