শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার আশা দেখিয়েছেন। বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তার হাত ধরেই। এখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বাংলাদেশে এসে উন্নয়নশীল দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরেন। অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করতে হয় তা বাংলাদেশ থেকে শিখতে অন্য দেশগুলোকে পরামর্শ দেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া দীঘিরপাড় টিআইকে মেমোরিয়াল মাঠে আয়োজিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ছাত্রলীগের  কর্মীরাই সংগঠনের প্রাণ। সকল শক্তির মূল উত্স তারাই। ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক। ফলে বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তাদের দায় রয়েছে। ছাত্রলীগ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই তাদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যেতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মো. কামাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার, সহসভাপতি হাজী ইলিয়াস মিয়া প্রমুখ।