মাদারগঞ্জে সিপিবির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পদযাত্রায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় সিপিবির কেন্দ ীয় নেতা মঞ্জুরুল আহসান খানসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ি বাজারের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে সিপিবির নেতাকর্মীরা শহিদ মিনার চত্বরে অনশন কর্মসূচি পালন করে।

পদযাত্রায় অংশগ্রহণকারী সিপিবি নেতাকর্মীরা জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিতরণ,  নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং কলেজ-বিশ্ববিদ্যালয় দখলমুক্ত করাসহ ১৭ দফা দাবিতে সিপিবির ৪ হাজার কিলোমিটার পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐ দিন সকালে জামালপুর জেলা         সিপিবির আয়োজনে  সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি মনজুরুল আহসান খানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ইসলামপুর, মেলান্দহ হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদারগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে  পৌঁছে। সিপিবির দাবি, এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী মিছিলে অতর্কিতে হামলা চালায়। হামলায় সিপিবি নেতা মনজুরুল আহসান খান, হযরত আলী, শিবলুল বারী রাজু, আলী আক্কাছ, মারুফ আহাম্মেদ খান মানিকসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হন। হামলাকারীরা সিপিবির পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলা ছাড়াও মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। পরে তিনি বলেন কারা হামলা চালিয়েছে আমি তাদের পরিচয় জানি না।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ-যুবলীগের কোনো সদস্য এঘটনার সঙ্গে জড়িত নয়। অপরদিকে মাদারগঞ্জ উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল এ হামলা প্রসঙ্গে বলেন, ?শুনেছি মাদারগঞ্জে শহিদ মিনার এলাকায় কমিউনিস্ট পার্টির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার  পর  আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দায়িত্ব দিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে। আমাদের দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পথসভা চলার সময় হামলা চালিয়ে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার কথা শুনেছি। তবে  কারো গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা জানিনা বলে জানান।