বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

ইরাকে কঠোর বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। গতকাল প্রধানমন্ত্রী জানিয়েছেন, পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। বিক্ষোভে রক্তাক্ত সংঘর্ষের পরের দিনই প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিলেন। খবর আল-জাজিরার

আদেল আব্দুল মাহদি বলেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেব। আর পার্লামেন্টই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকালই শিয়া শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি বলেন, পার্লামেন্টের উচিত আদেল আব্দুল মাহদির বিষয়ে পুনর্বিবেচনা করা। প্রধানমন্ত্রী মাহদি বলেন, ‘আমি আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির গভীর    উদ্বেগের কথা শুনেছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি’। এর আগের দিন ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫০ জন নিহত হন যা গত অক্টোবরে বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে ভয়ংকর দিন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। আর তা দমনে পুলিশ সরাসরি গুলি করাসহ টিয়ার গ্যাস ও রাবাট বুলেট নিক্ষেপ করছে।