চুয়াডাঙ্গা থেকে আল্লাহর দলের তিন সদস্য আটক

চুয়াডাঙ্গা শহরের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গতকাল শুক্রবার নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’ সংগঠনের তিন সক্রিয় সদস্যকে আটক করে র্যাব-৬ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো—চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন, দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবজাল মন্ডলের ছেলে কলম মন্ডল ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর ইসলাম পাখি।

ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামের তালিকা ও গোপন বৈঠকে সদস্যদের হাজিরা ।

জিজ্ঞাসাবাদে আটককৃতারা জানায়, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে, তাদের মতে এই ব্যবস্থা বাতিল, তারা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা তাদের সংগঠনের সমর্থন এবং এর কর্মকাণ্ডকে গতিশীল ও উত্সাহিত করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।