হাইকোর্টের সামনে সংঘর্ষ আরো তিন বিএনপি নেতা গ্রেফতার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় প্রেসক্লাবের দুই নম্বর গেট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন তৌহিদ হোসেন ও মো. আলম।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, হাইকোর্টের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি মোশাররফ। ঐ সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে। মামলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। মামলায় অজ্ঞাত ৫০০ জন এবং নামীয় ১৫ জনকে আসামি করা হয়। ঐ মামলায় এরই মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার দেখানো হয়েছে।