মত্স্যজীবী লীগের সভাপতি সাইদুর, সাধারণ সম্পাদক আজগর

আওয়ামী মত্স্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন মত্স্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজগর নস্কর এবং কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম মানিক। গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মত্স্যজীবী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এছাড়া সহ-সভাপতি পদে পাঁচ জনের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এরমধ্যে একজন নারী রয়েছেন। এরা হলেন, আবুল বাসার, আবদুল গফুর, মুহাম্মদ আলম, নূরে আলম এবং নাসরিন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল আলিম, টিপু সুলতান, রফিকুল ইসলাম রফিক। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য প্রস্তাবনা আহ্বান করেন। সেখানে সভাপতি পদে পাঁচ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩৮ জনের নামের প্রস্তাব আসে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থীদের নিজের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। কিন্তু তারা নিজেদের মধ্যে সমন্বয়ে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পরামর্শে মত্স্যজীবী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।