গ্রামে বসবাস করলেই মিলবে টাকা!

মানুষ জীবিকার তাড়নায় শহরের চার দেওয়ালের মধ্যে বসবাস করে। গ্রাম থেকে শহরে আসার মূল উদ্দেশ্যই এটি! কিন্তু যদি গ্রামে বসে মানুষ বিনাশ্রমে টাকা পায় তাহলে শহরে কেন যাবে! অবাক করার মতো হলেও সত্য, সুইজারল্যান্ডের আলবিনেন গ্রামে বাড়ি করলেই পাবেন অর্থ! আধুনিক সভ্যতার অনেক সুযোগ-সুবিধাসমৃদ্ধ সুইজারল্যান্ডের এই গ্রাম এখন দেশটির আলোচনার খোরাকে পরিণত হয়েছে।

সম্প্রতি সুইস কাউন্সিল গ্রামটিকে জনসমৃদ্ধ করার চিন্তা-ভাবনা শুরু করেছে। কারণ এই গ্রামের স্থায়ী লোকের সংখ্যা মাত্র ২৪০ জন। সুইস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোনো সুইস নাগরিক যদি আলবিনেনে বাড়ি করে তবে তাকে ৭ হাজার ৬০০ ব্রিটিশ পাউন্ড প্রদান করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা। প্রায় পতিত আলবিনেনকে জনসমৃদ্ধ করে মূল অর্থনীতির সাথে যোগ করার লক্ষ্যেই কর্তৃপক্ষ এই মোটা অঙ্কের অর্থের প্রলোভন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলবিনেনে বাড়ি করার ব্যাপারে কিছু নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে সুইস কাউন্সিল। অবশ্যই বাড়ি করার জন্য আবেদনকারীকে ৪৫ বছরের কম বয়সী হতে হবে। তার আলবিনেনে স্থায়ীভাবে বসবাস করার মানসিকতা থাকতে হবে। এছাড়া ওই গ্রামে কমপক্ষে দেড় লাখ পাউণ্ড সমমূল্যের বাড়ি বানাতে হবে বা সম্পদ কিনতে হবে।

চারদিকে পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য। এরমধ্যে বাড়ি করাটাও আনন্দের। আর এ কারণে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে মন্দ কী!