ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাত্র ১২৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। সোমবার দুপুরে সিলেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ১৯ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে এ রান করে তারা। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে বাংলাদেশের একমাত্র হাফসেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।
মাঠে নেমে দলীয় ১১ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তামিম। দলীয় স্কোরে ৩৭ রান যোগ হতেই একে একে তাকে অনুসরণ করেন লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এর মধ্যে মুশফিক রান আউট হন। এই চারজনের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
তবে অপরপ্রান্তে অধিনায়ক সাকিব খেলছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতেই। তার সঙ্গে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ ২৫ রানের একটি ছোট্ট জুটি গড়েই কট বিহাইন্ড হয়ে যান। মাহমুদউল্লাহ করেন ১২ রান। এরপর আরিফুল হক মাঠে নেমে কিছুটা সময় সঙ্গ দেন সাকিবকে।
দলীয় ১০৮ রানে আরিফুল (১৭) আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। এক পর্যায়ে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন সাকিবও। শেষ পর্যন্ত ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৩ বল থেকে ৮টি চার ও দুটি ছক্কার মারে সাকিব করেন ৬১ রান।
আগামী ২০ ও ২২ ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন মাশরাফি-সাকিবরা।
ইত্তেফাক/কেআই