‘অরুণ আলোর অঞ্জলি’

অদিতি মহসিনের সংগীত জীবনের ২০ বছর

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। গত ২০ বছর তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন শ্রোতাদের। প্রাণে প্রাণে সঞ্চারিত করে চলেছেন রবীন্দ্রসংগীতের মোহময় আবেশ। এই সমৃদ্ধ সংগীত জীবনকে উদযাপন করতে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘অরুণ আলোর অঞ্জলি’।

উত্সব উদযাপন পর্ষদের সভাপতি হিসেবে রয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার এবং অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন

আনিসুল হক, আব্দুল হাই সরকার, ইঞ্জিনিয়ার রবিউল আলম, ম. হামিদ, মামুনুর রশীদ, মুহাম্মদ এ আলী, লুভা নাহিদ চৌধুরী, সিতাংশু কুমার সুর চৌধুরী, সাদিয়া আফরিন মল্লিক, সৈয়দ মাহবুবুর রহমান ও হাশেম খান। অনুষ্ঠানটির বিষয়ে গতকাল দুপুর ১২টায় দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্সব উদযাপন পর্ষদের সমন্বয়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আপন আহসান এবং সদস্য প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। ‘অরুণ আলোর অঞ্জলি’ অনুষ্ঠানটি বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

এইচ টি ইমাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। এছাড়া অনুষ্ঠানে অদিতি মহসিন তার পছন্দের গান গেয়ে শোনাবেন।