ভুয়া নিউজে ট্যাগ লাগাতে শুরু করেছে ফেসবুক

সম্প্রতি ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদকে ‘ভুয়া’ হিসেবে চিহ্নিত করে তা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল সিঙ্গাপুর সরকার। আবেদনে সাড়া দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ খবরটি সরিয়ে না নিলেও তাতে ‘ফেক নিউজ’ ট্যাগ লাগিয়ে দিয়েছে। এই সংবাদ সামনে আসার পর থেকে অনলাইন তথা ফেসবুক ব্যবহারকারীদের বাক্স্বাধীনতা রক্ষার পুরোনো বিতর্ক নতুন করে সামনে এলো।

স্টেটস টাইমস রিভিউ সিঙ্গাপুরের ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন প্রভাবশালী রাজনীতিকের নির্বাচনী কারচুপির সংবাদ প্রকাশ করে। বলা হয়, এ তথ্য ফাঁস করার দায়ে একজনকে গ্রেফতার করেছে সিঙ্গাপুর পুলিশ। তবে সিঙ্গাপুর সরকার জানিয়েছে, এ সংবাদ পুরোপুরি ভুয়া। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। যদিও স্টেটস টাইমস রিভিউর সম্পাদক অ্যালেক্স তান এটিকে সত্য ও যথার্থ খবর বলে দাবি করেছেন। ভুয়া বলে দাবি করা সংবাদটি স্টেটস টাইমস রিভিউর ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলার জন্য দেশটির প্রটেকশন ফ্রম অনলাইন ফলসহুড অ্যান্ড ম্যানিপুলেশন আইনের আওতায় নির্দেশনা দেয় সিঙ্গাপুর সরকার। এই নির্দেশনা পেয়ে ফেসবুক কর্তৃপক্ষ সংবাদটি সংশোধনের জন্য নোটিশ পাঠায়। তবে অ্যালেক্স তান নিজেকে অস্ট্রেলিয়ার নাগরিক উল্লেখ করে পোস্টটি সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে পোস্টের নিচে ‘সিঙ্গাপুর সরকার মনে করছে এটি ভুয়া সংবাদ’ লেখা ট্যাগ যুক্ত করেছে ফেসবুক। এর আগে সিঙ্গাপুরের বিরোধী রাজনীতিক ব্র্যাড বাওয়ারের একটি ফেসবুক পোস্ট নিয়েও আপত্তি তোলে দেশটির সরকার। ফেক নিউজ আইনের আওতায় ১৩ নভেম্বর আপলোড করা পোস্টটি সরিয়ে ফেলতে আবেদন করে সিঙ্গাপুর সরকার। আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টটি সংশোধনের জন্য বাওয়ারকে নোটিশ পাঠিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সিঙ্গাপুরে চলতি বছরের শুরুতে পাশ হওয়া আইনটি অনলাইনে বাক্স্বাধীনতা চর্চায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটাতে পারে।

সূত্র :বিবিসি ও রয়টার্স