চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মুসা

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ মুসা খান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন পাকিস্তানের এই তরুণ পেস বোলিং সেনসেশন। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডিলেডে চলমান পাকিস্তান-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয়েছে মুসার। ইসলামাবাদের ১৯ বছর বয়সি ডানহাতি পেসারের টি-২০ অভিষেক হয়েছে গত মাসেই। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐ ম্যাচে অবশ্য উইকেটশূন্য ছিলেন মুসা। ৩৯ রান দিয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন মুসা। যেখানে সতীর্থ হিসেবে পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসদের। পেস বোলিংয়ে রুবেল হোসেনের সঙ্গে জুটি হবে মুসার। বিপিএলে পেস আক্রমণে চট্টগ্রামের বড়ো ভরসা হবেন রুবেল ও মুসা।