জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। গতকাল রবিবার বিকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ সদর।
সুনামগঞ্জ সদর উপজেলার হয়ে জোড়া গোল করেন বিদেশি খেলোয়াড় ডিডি। অপর গোলটি করেন আফরোজ। বিজিত দলের গোল দুটি করেন গ্রিজম্যান ও ইব্রাহিম। খেলা শেষে বিজয়ীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম প্রমুখ।