পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন সাবেকরা

মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারছে না পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অ্যাডিলেডে চলমান দ্বিতীয় টেস্টেও একই লজ্জার মুখোমুখি দাঁড়িয়ে আছে দলটি। এমন সময়ে দলের সমালোচনায় মুখর হলেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার সঙ্গে সামিল হলেন শোয়েব আখতারও। সাবেক অধিনায়ক ওয়াসিমের বিরক্তির মূল কারণ দলের ফিল্ডিং। অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালে ভূতুড়ে একটা ভুল করেন শাহীন শাহ আফ্রিদি। রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরির পথে ডেভিড ওয়ার্নার একটা চার হাঁকিয়েছিলেন, যেটা চাইলেই আটকাতে পারতেন আফ্রিদি। কিন্তু কি করে যেন উলটো পা দিয়ে ঠেলে দিয়ে বলকে আরো দ্রুতগতিতে বাউন্ডারির দিকে ঠেলে দেন তিনি।

ওয়াসিম বলেন, ‘ফাইন লেগে দাঁড়িয়ে শাহীন শাহ আসলে কি করছিল, সেটা ও নিজেই ভালো বলতে পারবে। আর ইয়াসির শাহ ও শান মাসুদ সম্ভবত হাই তুলছিল। এটাই পাকিস্তান ক্রিকেটের বড়ো সমস্যা। ওদের সব সময় বলের দিকে চোখ রাখা উচিত।’ ফিল্ডিংয়ের গুরুত্ব তুলে ধরে ওয়াসিম বলেন, ‘ফিল্ডিংটা হলো এমন একটা কাজ যার জন্য প্রশংসা পাওয়া যায় খুবই সামান্য। তবে এটা ঠিক যে আপনি যত তরুণ আর অনভিজ্ঞই হন না কেন, ফিল্ডিংটা জানা খুবই জরুরি। নতুন ব্যাটসম্যান আসলে, তাকে চাইলে ফিল্ডিং দিয়েও চাপ দেওয়া যায়। কিন্তু তেমন কোনো চেষ্টাই দেখলাম না। ফিল্ডাররা যেমন আগে বাউন্ডারি লাইনে ছিলেন, নতুন ব্যাটসম্যান আসলেও তেমনই ছিলেন। অন্যদিকে স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, মাঠে নিবেদনের অভাব ছিল পাকিস্তানের বোলারদের। তিনি মনে করেন, অ্যাডিলেডের উইকেটে বোলারদের আরো বেশি কার্যকর বোলিং করা উচিত ছিল।

টুইটারে শোয়েব আখতার লিখেছেন, ‘এমন ট্র্যাকে বোলাররা যেন কোনো দিশাই খুঁজে পাচ্ছেন না। ব্যাপারটা এমন যে, কখন অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করবে সেটার জন্য অপেক্ষায় থাকা, না হয় ওরা উইকেট উপহার দিবে সেটার জন্য অপেক্ষা করা। এভাবে ক্রিকেট হয় না।’