দীর্ঘ ৩৪ বছরের পুরোনো এনালগ এক্সরে মেশিন দিয়েই চলছে রাজবাড়ীর গোয়ালন্দ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা কার্যক্রম। আর এক্সরে রুমের মধ্যেই রাখা হয়েছে সরকারি ওষুধভর্তি একাধিক কার্টন। দেখলে যে কেউ ভাবছে এক্সরে রুম নয়, এ যেন ওষুধের গুদাম। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে রুমে পুরোনো বদ্ধ ঘরের দুর্গন্ধ, এক্সরে মেশিনের প্রায় সবগুলো অংশে মরিচা ধরেছে, বিভিন্ন সুইচ ভেঙে গেছে এবং এক্সরে কন্ট্রোল রুমের ফার্নিচারে ফাঙ্গাস পড়ে নষ্ট হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১০ সালে ২০ থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর এর অবকাঠামো ও চিকিত্সার জন্য বেশ কিছু নতুন মেশিন স্থাপন করা হয়। একটি ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিন চালানোর চিকিত্সক না থাকায় সেই মেশিনটাও নষ্ট হচ্ছে পড়ে থেকে। গত ২০১৮ সালে এক্সরে মেশিনটি বিকল হয়ে যায়।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত রেডিওলজিস্ট মো. কামরুল হাসান জানান, প্রায় ৩৪ বছরের পুরোনো এনালগ এক্সরে মেশিনটি বার বার মেরামত করা হলেও কোনো কাজে আসছে না। মেরামত করার পরদিনই কোনো রোগীর এক্সরে করা অবস্থায় হঠাত্ শব্দ হয়ে বন্ধ হয়ে যায়। মেশিনটি চালু অবস্থায় এখানে ভর্তি ও বহির্বিভাগ মিলে গড়ে প্রায় প্রতিদিন ২০-২৫ জন রোগীর এক্সরে করা হতো। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে এক্সরে মেশিনটি বিকল থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেরামতযোগ্য কিনা তা পরীক্ষা করে গেছেন। মেশিনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় মেরামত করা অনেকটা অসম্ভব বলে তারা জানিয়ে গেছেন। এ পরিস্থিতিতে একটি নতুন এক্সরে মেশিনের জন্য আবেদন করা হয়েছে।