গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে মিনাবাজার এলাকায় বাঁধের কাছে ২৬ লাখ টাকা ব্যয়ে এলজিইডি নির্মিত ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের মাটি সরে গেছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৪ সালে উপজেলার নোহালী ইউনিয়নের মিনাবাজার এলাকায় বাঁধের কাছে একটি ব্রিজ নির্মাণ করে।
স্থানীয় হারুন অর রশিদ জানান, এই ব্রিজ দিয়ে সাইকেল, মোটর সাইকেল কিংবা ঘোড়ার গাড়ি দিয়ে পাড় হওয়া যায় না। এমনি সাধারণ লোকজনও চলাচল করতে ভয় পায়।
স্থানীয় ইউপি সদস্য মিনা বেগম বলেন, গত বন্যায় ব্রিজের দুই পাশের মাটি সরে গেছে। বর্তমানে লোকজন অনেক কষ্টে চলাচল করছে। এটি তিস্তার চরাঞ্চল দিয়ে গঙ্গাচড়া আসার একটি গুরুত্বপূর্ণ সড়ক।
নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটু বলেন, লোকজনের চলাচলের জন্য জরুরি ভিত্তিতে ব্রিজের দুই পাশে মাটি দেওয়া হবে।