৯ দিন পর বরিশালে ফের টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

বরিশালে আবারও শুরু হয়েছে টিসিবির ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি। ৯ দিন বন্ধ থাকার পর রবিবার নগরীর পাঁচটি স্থানে ডিলারদের মাধ্যমে একযোগে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। তবে ডিলার কম হওয়ায় দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। টিসিবির ডিলার মাসুদ রানা জানান, টিসিবি থেকে প্রতিদিন তাদের পাঁচ জন ডিলারকে এক টন করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। ডিলাররা নগরীর পাঁচটি পয়েন্টে এই পেঁয়াজ বিক্রি করছেন।

তবে ক্রেতার চাপ বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এর আগে গত ২০ নভেম্বর বরিশালে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। তবে দুই দিন বিক্রির পরই সরবরাহ না থাকায় বন্ধ হয়ে যায় টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রম।