‘২৩ ডিসেম্বর থেকে নদী তীরবর্তী ৪৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হবে’

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সারা দেশের বিভিন্ন নদীর ৪৪ হাজার অবৈধ স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে ১১ হাজার নদী ও খাল খনন করা হচ্ছে। রবিবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলনবিল এলাকার প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহের অগ্রগতি সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সচিব কবির বিন আনোয়ার আরো বলেন, দেশের ১১ হাজার নদী ও খালের মধ্যে প্রথম পর্যায়ে ৪৪৮টি খনন কর হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে দুই হাজার ১০০ এবং পর্যায়ক্রমে সবকটি খনন করা হবে। পানিসম্পদ সচিব বলেন, পানিসম্পদের উন্নয়ন পরিকল্পনায় বিদ্যমান সকল স্লুইস গেট অপসারণ করা হবে। পানির চলাচল ব্যবস্থাপনার জন্যে রেগুলেটর থাকবে। পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় সারা দেশে ২২টি প্রকল্পের মাধ্যমে ১৭ হাজার কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে এবং ১০ লাখ হেক্টর জমির সেচ কাজ সম্পন্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।