মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভার ১ লাখ ৯৮ হাজার ২১ জন বিজয়ের মাস ডিসেম্বর থেকে পাবেন স্মার্টকার্ড। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এ তথ্য জানান উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী। তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে বিতরণের জন্য স্মার্টকার্ডগুলো উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে। প্রথম ধাপে শুধু পৌরসভার ১৪ হাজার ৪৯৬ জন নাগরিকের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড। পর্যায়ক্রমে ১৬ ইউনিয়নের ১ লাখ ৮৩ হাজার ৫২৫ জনকে বিতরণ করা হবে এ কার্ড। সব ঠিকঠাক থাকলে ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে।
এ উপজেলায় মোট ২ লাখ ১৫ হাজার ৬৬৬ জন ভোটার রয়েছে। প্রথম ধাপে সবাইকে স্মার্টকার্ড দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবাই আসবে স্মার্টকার্ডের আওতায়। স্মার্টকার্ড বিতরণের আগে ইউনিয়ন ও পৌরসভায় মাইকিংয়ের মাধ্যমে সময়-ক্ষণ জানিয়ে দেওয়া হবে। প্রথম ধাপে যারা এ কার্ড নিতে ব্যর্থ হবেন তাদের কার্ড দেওয়ার সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।