বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে শ্রমিক দলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ তিন নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হাওলাদার।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম বলেন, শহরে নাশকতার উদ্দেশ্যে শ্রমিক দলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জন শনিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদীঘির পাড় এলাকায় গোপন বৈঠক করছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় লিয়াকত আলীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়।