কৌশলী প্রচারণায় রেজা কিবরিয়া

কৌশলী প্রচারণা চলছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার। তার পক্ষে নিরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। মাঠে নেমেছেন স্বজনরাও। ব্যাপক প্রচারণা চললেও শুধু নেই রাখঢাক। নিজেও ইতোমধ্যে মাঠে প্রচারণার কাজ শুরু করেছেন। একাধিক সভা, গণসংযোগ, সংবাদ সম্মেলনও করেছেন। নেতাকর্মীরা যেন কোন বিপদে না পড়েন, সেদিক মাথায় রেখেই প্রচারণার কৌশল পাল্টেছেন। কোন পূর্ব ঘোষণা দিয়ে সভা, সমাবেশ করা হবে না। নেতাকর্মীদের গ্রেফতার, মামলা, হামলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

তার প্রচারণার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রচারণা চলছে। নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। আমি না জানিয়ে আসব। কারণ আমি যদি বলি, ওই সময়, ওই ইউনিয়নে যাব, তখন আমার সব নষ্ট করে ফেলবে। আমার কর্মীরা কাজ করছে। আমি যেখানে বলবো যে ওইখানে যাব, তখন তারা আয়োজন করবে। আমার মুভমেন্টটা নিয়ে আমি ঢাকায় সবার সঙ্গে কথা বলেছি। তারাও সেভাবেই বলছেন যে, আমরা ওইভাবে সবাই মুভ করব। কারণ দেশের পরিস্থিতি স্বাভাবিক না। আমি পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেব।

নিজের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরো দেশেই এখন নিরাপত্তার ঘাটতি রয়েছে। ঢাকায়ও আমি নিরাপত্তার ঘাটতি দেখছি। যেকোন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও আমাদের ওপর আক্রমণ করেছে। নিরাপত্তা পুরো দেশেই নাই।

আরও পড়ুন: নির্বাচনী সহিংসতা নিয়ে ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

ড. রেজা কিবরিয়া বলেন, আমার এলাকায় যে বিশেষ সমস্যা তা না। নিরাপত্তা পুরো দেশেই নাই। আমার এলাকায় কোন বিশেষ কিছু না। আমি ইশতেহার তৈরিতে ছিলাম। আমাকে ঢাকায় আসতে বলা হয়েছে। আমি এ কাজগুলো করেই চলে যাব।

ইত্তেফাক/এমআই