১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য গৃহনির্মাণ করে দেওয়ার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। একেকটি বাড়ি নির্মাণে খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং এ বি তাজুল ইসলাম অংশ নেন। বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন এবং রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।