মির্জাপুরে আটক এএসআইসহ পাঁচ পুলিশ বরখাস্ত

ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত গণধোলাইয়ের শিকার আটক এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত তাদের দুই সোর্সসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলমের আদালতে হাজির করলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে মির্জাপুর ও সখীপুর থানা পুলিশ কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ নিশ্চিত করেছেন। মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুল হালিম ও তোজাম্মেল হক এবং সোর্স আল আমীন পলাতক রয়েছেন। আটক হয়েছেন এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেদুল ইসলাম এবং পুলিশের সোর্স হাসান। এ ব্যাপারে শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে পুলিশের সকল নিয়মকানুন উপেক্ষা করে অন্য উপজেলার প্রত্যন্ত এলাকায় সাদা পোশাকে এক এএসআইসহ, চার কনস্টেবল ও দুই সোর্স সেখানে গিয়েছিল। তারা পুলিশের কোনো কাজের জন্য যায়নি, এমনকি কারো নির্দেশেও যায়নি তারা। তারা অপরাধী হিসেবেই সেখানে গিয়েছিল। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে পাঁচ পুলিশ সদস্য ও দুই সোর্সসহ সাত জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।   এ ঘটনায় দুই জন কনস্টেবল পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে     অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।