ম্যাক্স হাসপাতালে আবারও ভুল চিকিত্সায় শিশু মৃত্যুর অভিযোগ!

চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে আবারো ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এক বছর বয়েসি ঐ শিশুর মৃত্যুর ঘটনায় গতকাল রবিবার চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা ব্যাংক কর্মকর্তা মোহছেনা আক্তার ঝর্ণা। এতে বলা হয়েছে, ম্যাক্স হাসপাতালের চিকিত্সকদের ভুল চিকিত্সা, গাফিলতি এবং নার্সদের অবহেলায় তার সন্তানের মৃত্যু হয়েছে।

নগরীর লালখান বাজারের চানমারী রোডের বাসিন্দা শামীম সারোয়ার ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মোহছেনা আক্তার ঝর্ণা সিভিল সার্জন বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৭ নভেম্বর তার এক বছর ২৪ দিন বয়েসি পুত্র জিহান সারোয়ার প্রিয় অসুস্থ বোধ করলে তাকে বেসরকারি ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করানো হয়। ভর্তির পর অনকলে চিকিত্সক সনত্ কুমার বড়ুয়াকে দেখালে তিনি ব্যবস্থাপত্র লিখে দেন। আমার সন্তানকে মেশিনের মাধ্যমে ধীরে ওষুধ দেওয়ার কথা থাকলেও গত ২১ নভেম্বর দুপুরে অনভিজ্ঞ নার্স ঐ ওষুধের শেষের অংশ হাত দিয়ে পুশ করেন। আর তখনই আমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ মুহাম্মদ ফজলে রাব্বি অভিযোগের কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হবে। রিপোর্ট প্রদানের জন্য কমিটিকে সময় দেওয়া হবে। অভিযোগের বিষয়ে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী ইত্তেফাককে বলেন, ভুল চিকিত্সার অভিযোগ ভিত্তিহীন। আমরা শিশুটিকে সাধ্যমতো চিকিত্সাসেবা দিয়েছি। তদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে।