হংকংয়ে কয়েকদিন বিরতির পর আবারো বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল রবিবার বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। গত সপ্তাহে স্থানীয় নির্বাচনের পর গতকাল থেকে ফের বিক্ষোভ হয় যেখান থেকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভের সমর্থনে যুক্তরাষ্ট্রে আইন পাস হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের
গতকাল বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল ‘এখনই আমাদের অভ্যুত্থানের সময়’ ও ‘আমরা হংকংকে স্বাধীন দেখতে চাই’। গতকাল বড়ো বিক্ষোভ হয় ব্যস্ত শপিং সেন্টার অধ্যুষিত তিসিম শাহ তুসি জেলায়। হাজার হাজার মানুষ মার্কিন কনস্যুলেটের দিকে মিছিল নিয়ে যান। বিক্ষোভের কারণে দোকানপাট ও শপিং মল বন্ধ করে দেওয়া হয়।
গতকালের অনুমোদিত বিক্ষোভ ছিল চীনের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে। বিক্ষোভকারীরা চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান নতুন বিলে অনুমোদন দেওয়ায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দুইটি বিল পাস হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তাতে স্বাক্ষর করেন।