জ্যাজ কনসার্ট করে ঢাকার দর্শকদের মাতালেন বিশ্বখ্যাত জার্মান ব্যান্ড দল লিসবেথ কোয়ার্টেট। মার্ক মুয়েলবাউযারের দুর্দান্ত বেজ, পিয়ানোবাদক ম্যানুয়েল স্মিডেলের প্যানোরামা এবং মরিত্জ বাউমগার্টনারের দ্রুতগতির ড্রামিং—ত্রয়ী শিল্পীর সমন্বয়ে অসামান্য সুরমূর্ছনার সৃষ্টি হয়। যদিও লিসবেথ কোয়ার্টেটের স্যাক্সোফোন বাদক শারলোটি গ্রেভ অসুস্থ হয়ে পড়ায় তিন শিল্পীই দর্শকদের সামনে তাদের পরিবেশনা নিয়ে উপস্থিত হন।
গতকাল রবিবার সন্ধ্যায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ব্যান্ড লিসবেথ কোয়ার্টেটের মনোমুগ্ধকর এই জ্যাজ কনসার্ট। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক কিরস্টেন হাকেনব্রোক কনসার্টের উদ্বোধন করেন। গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই কনসার্ট।
দলের সদস্যরা হলেন :স্যাক্সোফোনে শারলোটি গ্রেভ, পিয়ানোতে ম্যানুয়েল স্মিডেল, ড্রামে মরিত্জ বাউমগার্টনার এবং নিয়মিত বেজ গিটারিস্ট মার্ক মুয়েলবাউযারের পরিবর্তে ইতালি থেকে যোগ দিয়েছেন দেশটির জনপ্রিয় বেজ গিটারিস্ট ইগোর স্প্যালাতি।
একাধারে নিউ ইয়র্ক ও বার্লিনভিত্তিক ব্যান্ড দলটি বিশ্বের বিভিন্ন দেশে জ্যাজসংগীত পরিবেশন করেছে। স্যাক্সোফোন বাদক শারলোটি গ্রেভের দল লিসবেথ কোয়ার্টেট তাদের স্বতন্ত্র আর বৈচিত্র্যপূর্ণ জ্যাজসংগীতের জন্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সমাদৃত। ইতিমধ্যে দলটি প্যালাটিয়া জ্যাজ, জ্যাজ বাল্টিকা ও ইয়ং জেনারেশন জ্যাজ মিটিং বার্লিনের মতো বিভিন্ন বিখ্যাত উত্সবে পারফর্ম করেছে। গ্যেটে ইনস্টিটিউটের আমন্ত্রণে ভারতের সাতটি শহর এবং এর মাঝে শ্রীলঙ্কার কলম্বো শহরে জ্যাজসংগীত পরিবেশন শেষে ঢাকায় এলো দলটি। তাদের পরবর্তী কনসার্ট হবে পাকিস্তানের করাচি শহরে।
২০০৯ সালে তরুণ বয়সি স্যাক্সোফোন বাদক শারলোটি গ্রেভ তার বার্লিনভিত্তিক লিসবেথ কোয়ার্টেট ব্যান্ডের যাত্রা শুরু করেন। তাদের দ্বিতীয় সিডি ‘কনস্ট্যান্ট ট্র্যাভেলার্স’-এর জন্য ২০১২ সালে নবাগত সংগীত দল হিসেবে জার্মানির সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘জ্যাজ-ইকো’ সম্মাননায় ভূষিত হয় ব্যান্ডটি। এছাড়া শারলোটি গ্রেভ ২০১০ সালে ‘জ্যাজ বাল্টিকা’ পুরস্কার অর্জন করেন।