ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আমির হোসেন (৫০)। এ ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার গেটে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, নিহত আমির ও অভিযুক্ত ইব্রাহিম একে অপরের পরিচিত। ইব্রাহিমের প্রকাশ্যে ধূমপান করার বিষয়টি তার স্বজনদের জানিয়েছিলেন আমির। এতে আমিরের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। গতকাল সকালে আমির শহীদ মিনার এলাকায় ঘুরতে গেলে ইব্রাহিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্রিকেট ব্যাট দিয়ে আমিরকে পিটিয়ে আহত করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ইব্রাহিমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আমিরের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। অভিযুক্ত ইব্রাহিমের বাবা আনোয়ার হোসেন একই হাসপাতালের পানির পাম্পে কর্মচারী হিসেবে কাজ করেন।