ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় রাজ্যসভায় ক্ষোভ ঝেড়েছেন বলিউড অভিনেত্রী ও সমাজবাদী পার্টির এমপি জয়া বচ্চন। সোমবার সংসদে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘এ ধরণের লোকদের জনসমক্ষে এনে পিটিয়ে মারা উচিত।’ এদিন জয়া বচ্চনের পাশাপাশি অন্য সংসদ সদস্যরাও তীব্র নিন্দা জানান। খবর বিবিসি ও এনডিটিভি’র
রাজ্যসভায় জয়া বচ্চন বলেন, ‘আমি মনে করি এটাই উপযুক্ত সময়... জনগণ সরকারকে একটি যথাযথ ও সুনির্দিষ্ট উত্তর দিতে চায়।’ এসময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়া। ধরা গলায় তিনি বলেন, ‘এ ধরনের অপরাধের পর কতবার কথা বলেছি আমি জানি না। আমি মনে করি এখন সময় এসেছে...নির্ভয়া হোক বা কাঠুয়া কিংবা তেলঙ্গানায় যাই ঘটুক না কেন...মানুষ এখন সরকারকে এর সঠিক ও নির্দিষ্ট জবাব দিতে চায় বলে আমি মনে করি।’
এসময় সরকারের সমালোচনা করে জয়া বলেন, ‘সরকার কী করেছে? কীভাবে নিয়ন্ত্রণ করেছে? নির্যাতিতারা কি বিচার পেয়েছেন? কারও নাম নিতে চাই না। কিন্তু এর জন্য কি নিরাপত্তা ব্যবস্থা দায়ী নয়? আমার মনে হচ্ছে, এক দিন আগেও তেলঙ্গানায় একই রকম ঘটনা ঘটেছিল। তার পরেও কেন তা আটকানো গেল না?’
আরও পড়ুন: জর্ডানে কারখানার আগুনে পুড়ে মরলো ৮ শিশুসহ ১৩ পাকিস্তানি
তামিল নাড়ুর সংসদ সদস্য ভিজিলা সত্যনাথ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তার দেশ নারী ও শিশুদের জন্য নিরাপদ নয়। কংগ্রেসের অমি ইয়াজনিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একত্র হয়ে জরুরি ভিত্তিতে সামাজিক সংস্কারের আহ্বান জানান।
উল্লেখ্য, বুধবার রাতে হায়দরাবাদের একটি টোল বুথের কাছে এক চিকিৎসক তরুণীকে গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিম। ধর্ষকদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে তেলেঙ্গানাসহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ।
ইত্তেফাক/এসইউ