স্মারক

ঝাড়ুয়ার বিল বধ্যভূমি

 

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন রয়েছে, সেসব সংরক্ষণ করা আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য জরুরি। তেমনি একটি বধ্যভূমি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ‘ঝাড়ুয়ার বিল বধ্যভূমি’। পাকিস্তানি সেনারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আলবদরদের সহযোগিতায় বদরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুসহ বিভিন্ন মানুষকে ধরে এনে নির্মমভাবে নির্যাতন শেষে এখানে হত্যা করে। ঝাড়ুয়ার বিল বধ্যভূমিতে পাকসেনারা প্রায় ১৪০০ জনকে হত্যা করে পুঁতে রাখে। অনেকের মতে শহিদদের সংখ্যা আরো বেশি হতে পারে। ঝাড়ুয়ার বিল বধ্যভূমির আয়তন প্রায় দেড় একর। সবুজ-শ্যামল বাংলাদেশের স্বাধীনতার জন্য এই আত্মত্যাগ বৃথা যায়নি, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরদিন। আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপনের সময় এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শহিদদের এই আত্মত্যাগ বদরগঞ্জবাসীর সঙ্গে গোটা বাংলাদেশের মানুষ পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, সে সকল শহিদের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। আমরা আশা করি, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঝাড়ুয়ার বিল বধ্যভূমির মতো সকল স্মৃতিচিহ্ন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ভবিষ্যত্ প্রজন্মের কাছে দেশ গঠনে প্রেরণার উত্স হিসেবে কাজ করবে।