নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে সোমবার এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ। এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ কুমিল্লার এই নাশকতার মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিল। ওই জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন।

এদিকে, একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসানের একক হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। 

আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা নিজেরাই আগ্রহী নন শুনানি করতে। একবার কোর্ট বাসাচ্ছেন আর উঠাচ্ছেন। দেখতে হবে এটা স্পেশাল কোর্ট। জরুরি একটি বিষয় নিষ্পত্তির জন্য এখানে পাঠানো হয়েছে। আর যিনি আবেদনকারী তিনিও অন্য আবেদনকারীদের মত নন। অন্য বেঞ্চে শুনানির বিষয়টি প্রধান বিচারপতিকে মৌখিকভাবে বলতে পারতেন। কিন্তু বলেননি। 

এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, লিখিত আবেদন ছাড়া কিভাবে প্রধান বিচারপতির কাছে যাব? এফিডেভিট কমিশনার না থাকায় এভিডেভিট করা যায়নি। 

আরও পড়ুন: নিরপেক্ষ-শান্তিপূর্ণ নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলারের আশা

আদালত বলেন, রেজিস্ট্রার জেনারেলকে বললে তো উনি ব্যবস্থা করে দিতে পারতেন। এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, উনারা (খালেদা জিয়ার আইনজীবী) নিজেও বুঝতে পারছেন না কি করবেন? আদালত বলেন, উনারা এখানে আবেদনের শুনানি করতে চাচ্ছেন না এজন্য প্রধান বিচারপতির কাছে যেতে চান। এরপর খালেদা জিয়ার আইনজীবী সময় চাইলে আদালত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতুবি করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য তৃতীয় বেঞ্চে আসে। কিন্তু আইনজীবীরা এই বেঞ্চে শুনানি করতে চান না মর্মে আদালতের প্রতি অনাস্থা দেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবীরা। 

ইত্তেফাক/এমআই