জয়ের খবর দেন হোমায়রা আক্তার অন্তরা
স্পোর্টস রিপোর্টার
নেপালের রাজধানী কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এস এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার রাতে। সাত দেশের ক্রীড়াবিদরা জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের উত্সবে অংশ নিয়েছে। যেখানে বাংলাদেশের গানও বাজানো হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল থেকে পদক লড়াইয়ে নেমে গেছেন ক্রীড়াবিদরা।
গতকাল সকালে প্রথম পদক জয়ের খবরটি দিয়েছে তায়কোয়ানডো। মেয়েদের এককে কাতা ইভেন্টে প্রথম ব্রোঞ্জ পদক উপহার দিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে স্বর্ণ জয় করেছে পাকিস্তান এবং রৌপ্য স্বাগতিক নেপালের ঘরে। বাংলাদেশের অন্তরা পাঁচ জনের মধ্যে তৃতীয় হয়েছেন। ব্রোঞ্জ জিতলেও আফসোস করেছেন স্বর্ণপদক জিততে না পারায়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্রই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। নেপালে সংবাদ মাধ্যমকে হোমায়রা জানিয়েছেন তার আফসোসের কথা। তার বোন জান্নাতুল ফেরদৌসও কারাতেকার।
গতকাল গেমসের পদক লড়াইয়ে দিনে আরো পদকের খবর দিয়েছেন কারাতেকাররা। বাংলাদেশের কারাতে ইভেন্টে ২টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। পুরুষ একক কুমিতে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মোস্তফা কামাল রৌপ্য জিতেছেন। মেয়েদের একক কুমিতে ৫৫ কেজি ওজন শ্রেণিতে মাউনজেরা ঝর্ণা রৌপ্য পদক জয় করেছেন। মেয়েদের একক কাতা ইভেন্টে অন্তরার ব্রোঞ্জ পদক ছাড়াও ছেলে ও মেয়েদের দলীয় কাতা ইভেন্ট থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। পুরুষ অনূর্ধ্ব-৮৪ কেজি ওজন শ্রেণি কুমিতে রমজান, ৮৪ কেজি ঊর্ধ্ব ওজন শ্রেণিতে আতিকুর রহমান, মেয়েদের অনূর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন। ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জয় করেছেন হাসান খান সান। এই ক্রীড়াবিদ ঢাকা ছাড়ার আগে একটি সেমিনারে বলে গিয়েছিলেন তারা চাকরি চান। চাকরির নিশ্চয়তা থাকলে গেমস থেকে পদক এনে দিতে পারবেন তারা।
ভলিবল দলের বিদায়
গেমসের অন্য খেলা পুরুষ ভলিবলে ব্রোঞ্জের লড়াইয়ে পারেনি বাংলাদেশ। গতকাল এই ইভেন্টে বাংলাদেশ ১-৩ সেটে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। প্রথম গেমে ২৫-২৩ পয়েন্টে জিতে পদকের স্বপ্ন দেখিয়েছে। কিন্তু পরের তিন সেটে লঙ্কানদের কাছে ২৫-২০, ২৫-১৬ এবং ২৫-২১ পয়েন্টে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই নারী ভলিবল দলের বিদায় হয়ে যায়। কাল পুরুষ দলের বিদায় হলো।