স্পোর্টস রিপোর্টার
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এরই মধ্যে সাজ সাজ রব শুরু হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণ, একটার পর একটা বৈঠক ; বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে উত্তেজনার শেষ নেই। আগামী ৮ তারিখ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের ভেতর দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল। আর ১১ ডিসেম্বর শুরু হবে মাঠের লড়াই। আপাতত বিসিবি ব্যস্ত উদ্বোধনী অনুষ্ঠানের খুঁটিনাটি ঠিক করা নিয়ে।
গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছিলেন, তারা বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে আকর্ষণীয় একটা অনুষ্ঠান উপহার দিতে তৈরি। সুজন উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বলছিলেন, ‘আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধু বিপিএলের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটার দিনক্ষণ ৮ তারিখ নির্ধারণ করেছি। আমরা আশা করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এরই মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। বিদেশি শিল্পীদের সমন্বয়ে একটি আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারব বলে আশা করছি।’ পত্রপত্রিকায় খবর প্রকাশ হয়েছে যে, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের দুই চলচ্চিত্র তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ উপস্থিত থাকবেন। বাংলাদেশ থেকে গায়িকা মমতাজ থাকবেন। এছাড়াও অনেকে থাকার কথা এই অনুষ্ঠানে। তবে সুজন বলছিলেন, এখনই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে চূড়ান্ত কিছু বলতে চান না তিনি, ‘এই মুহূর্তে আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না। এটা বিপিএল গভর্নিং কমিটি চূড়ান্ত করবে। অনেকের সঙ্গে কথা হয়েছে, চূড়ান্তও হয়েছে। বিষয়টি আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করলেই জানাতে পারব। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক শিল্পী এবং দেশি শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করার।’ বিপিএল নিয়ে অনেক ধরনের নেপথ্যে কাজ চলছে বলেই বলছিলেন সুজন। তিনি ব্যাখ্যা করে বলছেন, ‘আমাদের অনেক গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। আপনারা জানেন যে আমরা একটি গুরুত্বপূর্ণ সিরিজের মধ্যে ছিলাম। সে ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম। এখন যেহেতু দৃশ্যমান কিছু কাজ দেখছেন যে কারণে আপনারা বলছেন এসব। কিন্তু আমরা এ কাজ আগে থেকেই শুরু করে দিয়েছিলাম।’
সুজন মনে করেন, এবারের বিপিএলের সবগুলো দলের মালিকানা বিসিবির হাতে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা আগের মতোই হবে, ‘দলগুলো কিন্তু আগের মতোই আছে। সবাই সবার বেস্ট একাদশ সাজানোর চেষ্টা করছে। কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার এ ক্ষেত্রে সুযোগ নেই। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের চেষ্টা তো ভালো করারই থাকবে। সবকিছু ভালোভাবেই এগোচ্ছে এবং আমরা সেভাবেই কাজ করছি।’