টাইব্রেকারে গাজীপুর জেলা দল বিজয়ী

সৈয়দ আশরাফ স্মৃতি ফুটবল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবলের গতকাল সোমবারের খেলায় টাইব্রেকারে গাজীপুর জেলা দল ৪-২ গোলে ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করেছে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। নির্ধারিত সময়ে গাজীপুরের পক্ষে বিদেশি খেলোয়াড় বি-মার্ক এবং ময়মনসিংহের পক্ষে শরীফ ১টি করে গোল করেন।

আজকের খেলা : টাঙ্গাইল জেলা দল বনাম নেত্রকোনা জেলা দল।

বিউবোর আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতা

বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন  বোর্ড (বিউবো) ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৩৩তম আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতা-২০১৯ কক্সবাজারে সম্পন্ন হয়েছে। গত ২৯ নভেম্বর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঘোড়াশাল বিদ্যুত্ কেন্দ্র ১-০ গোলে কেন্দ্রীয় সচিবালয়, বিউবো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। এ সময় বোর্ডের সদস্যবৃন্দ ও বিউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বিউবোর ৩৮টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।—সংবাদ বিজ্ঞপ্তি