মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ধান কাটার যন্ত্র। উপজেলার কৃষকরা সাধারণত আমন ধান কাস্তে দিয়ে কাটেন। কাস্তে দিয়ে ধান কাটতে কৃষকের সময় ও খরচ দুটোই বেশি লাগে। তাই ধান কাটার জন্য উপজেলার কৃষকরা এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন।
উপজেলার হাসিমনগর গ্রামের কৃষক মো. ফরহাদ বলেন, নিজের কাজ শেষে যন্ত্র অন্যের জমির ধান কেটে দেই। রিপার দিয়ে ঘণ্টায় প্রায় ৩০-৩৫ শতক জমির ধান কাটা যায়। ধান কাটার মৌসুমে এই যন্ত্র দিয়ে ধান কেটে দৈনিক ৭০০ টাকা পর্যন্ত বাড়তি আয় হয়।
একই গ্রামের কৃষক নুরের নবি জানান, এখন কৃষি কাজ করার জন্য শ্রমিক খুব কম পাওয়া যায়। তাই শ্রমিককে টাকাও দিতে হয় বেশি। এতে আমাদের সময় ও টাকা লাগে বেশি। তাই সময় ও টাকা সাশ্রয়ের জন্য আমরা যন্ত্র দিয়ে ধান কাটাই। এতে খুব দ্রুত ধান কাটা যায় এবং তুলনামূলকভাবে টাকাও লাগে অনেক কম।
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, যন্ত্র দিয়ে দৈনিক প্রায় ৫-৭ বিঘা জমির ধান কাটা যায় অনায়াসে। সময় ও অর্থ সাশ্রয়ী হওয়ায় এই ধান কাটার যন্ত্র স্থানীয় কৃষকদের নজর কেড়েছে। খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে মিরসরাই উপজেলায় এই পর্যন্ত ৬০ জন কৃষককে ধান কাটার যন্ত্র দেওয়া হয়েছে। আমরা উপজেলার অন্য কৃষকদেরকেও যন্ত্র দিয়ে ধান কাটার জন্য উদ্বুদ্ধ করছি।