‘বিএনপির কাছে দেশের গণতন্ত্র, সংবিধান, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের জান-মাল নিরাপদ’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলার লুটেরচর ও গোবিন্দপুর ইউনিয়নে নদীপথে ইঞ্জিনচালিত নৌকাযোগে (ট্রলার) দিনভর শেখেরগাঁও, লক্ষ্মীপুর, চরবাটেরা, ব্রহ্মণচর, বালুচর, আলীপুর লঞ্চঘাট ও সেননগরে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। গণতন্ত্র এখন বাক্সবন্দী। গত ১০ বছরে কোন নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষকে বিজয়ী করতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে সরকার ভীত, অস্থির। তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের কোণঠাসা করতে প্রতিনিয়ত নানাবিধ অপকৌশলের আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, ইসিকে বার-বার বলার পরও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করেনি। ফলে দিন যতই যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে কী-না এ নিয়ে নাগরিকদের মধ্যে শংকা ততই বাড়ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে। তারা বিরোধী দলশূন্য মাঠ তৈরির কাজে ব্যস্ত।
আরও পড়ুন: ফিলিপাইনের এলিসার মাথায় মিস ইউনিভার্স মুকুট
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলাদল নেত্রী দিলারা শিরিন, সালাউদ্দিন সরকার, আব্দুল অদুদ মুন্সী, আব্দুল মতিন, সলিম উল্লাহ, শাহাব উদ্দিন ও মিজানুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/এমআই