চট্টগ্রাম অফিস
মহানগরীর খুলশী থানার ঝাউতলার বাসা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রশি প্যাঁচানো ছিল। নিহতের স্বামীও একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।
পুলিশের ধারণা, স্ত্রীকে খুন করে স্বামী গা ঢাকা দিয়েছে। সোমবার সকাল ৭টায় নগরীর ঝাউতলায় ডিজেল কলোনির বাসা থেকে রোজী আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে বলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী ইত্তেফাককে জানান। নিহতের স্বামী পালিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত রোজী আক্তারের স্বামীর নাম রেজাউল করিম। তারা দুজনই খুলশী ঝাউতলা এলাকায় বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রহরী। ঝাউতলার রেলওয়ে ডিজেল কলোনির আবুল কাশেমের ভাড়াঘরের একটি কক্ষে থাকেন। রেজাউল করিম সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্যা গ্রামের আবুল মনসুরের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, গত রবিবার রাতে তারা পাশেই বোনের বাসায় ভাত খেয়ে বাসায় ফেরেন। সকালে রোজীর বোন এসে রোজীকে মৃত দেখতে পান। রোজীর হাত বাঁধা, গলায় তার প্যাঁচানো এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।