লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ। উপজেলার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আজ মঙ্গলবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
স্থানীয় সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ৫ ডিসেম্বর লালমোহন উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সে সময় লালমোহন-তজুমদ্দিন আসনের বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি ও আলী রেজা মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলরগণ। ঐ কমিটির অনেক সদস্যই বার্ধক্যে চলে গেছে। তাই এবারের কমিটিতে নতুন নেতৃত্ব আসবে বলে মনে করেন দলের নেতারা। লালমোহন পৌর আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম হাওলাদার বলেন, সম্মেলনকে অর্থবহ করতে এরই মধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি সাংগঠনিক ইউনিটের সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজকের সম্মেলনে তৃণমূলের ৩৯৭ জন কাউন্সিলর আগামী তিন বছরের জন্য লালমোহন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তাদের নতুন নেতা মনোনীত করবেন।