গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণের পর স্কুলছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ বখাটে রাজু আহমেদকে গ্রেফতার করেছে। সোমবার সকালে কাশিয়ানী থানা পুলিশ পারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত রাজু কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।
এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার রাতে কাশিয়ানী থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, বখাটে রাজু নবম শ্রেণির ঐ স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। সেই সময় তার মোবাইলে অশ্লীল ছবি তুলে রাখে। পরে রাজু ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এটি ভাইরাল হয়।
কাশিয়ানী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ মুন্সি বলেন, ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। রাজুকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।