দশমিনায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের দণ্ড

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দশমিনায় মো. মঙ্গল গাজী নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঐ যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। জানা গেছে, উপজেলার রনগোপালদি ইউনিয়নের বাসিন্দা কালা গাজীর ছেলে মো. মঙ্গল গাজী একই এলাকার সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় মেয়েটির মা ঐ যুবকের বিরুদ্ধে দুই মাস আগে দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার রাতে উপজেলার রনগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর থেকে দশমিনা থানা পুলিশ মঙ্গল গাজীকে গ্রেফতার করে। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দেন।