সূচক কমেছে দুই শেয়ারবাজারে

 ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস  গতকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারেই সূচকের পতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে  (ডিএসই)  প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬২৯ পয়েন্ট আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইতে রবিবারের তুলনায় লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৫২১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৯ কোটি ১৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির আর ২৮টির দাম অপরিবর্তিত।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : লাফার্জহোলসিম বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ডেফোডিল কম্পিউটারস, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্টাইলক্র্যাফট লিমিটেড, সিলকো ফার্মা, ওয়াটা কেমিক্যাল, ফ্যামিলি টেক্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ম্যাকসন্স স্পিনিং, দেশবন্ধু পলিমার, সেলভো কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেট্রো স্পিনিং, লিগেসী ফুটওয়্যার, ফার্স্ট ফাইন্যান্স ও ফারইস্ট নিটিং।

এদিকে গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।