ইত্তেফাক রিপোর্ট
জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) দুই মহাব্যবস্থাপকসহ তিন জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবকৃতরা হলেন—আরপিজিসিএল এর মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী, মহাব্যবস্থাপক (প্রশাসন) রুচিরা ইসলাম ও ব্যবসায়ী মো. আশরাফ হোসেন। গত রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। ঐ নোটিশে তাদেরকে আজ ৩ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের জনতা ব্যাংক পল্লী বিদ্যুতায়ন বোর্ড শাখা থেকে ৯০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত্ হয়। এ সংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাই করে কমিশন চলতি বছরের অক্টোবরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরপর কমিশন ঐ মাসেই দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। এর ধারাবাহিকতায় অনুসন্ধান কর্মকর্তা তাদের তলব করেছেন।
অভিযোগের ব্যাপারে জানা গেছে, গত ৯ ডিসেম্বর খিলক্ষেতের জনতা ব্যাংকের পল্লী বিদ্যুত্ শাখায় আরপিজিসিএল এর ৩০ লাখ টাকার তিনটি পেঅর্ডার হস্তান্তরের জন্য আলাদা সম্মতিপত্র আসে। তাতে সই ছিল অর্থ আর প্রশাসন বিভাগের জিএম-এর। মো. আশরাফ হোসেন সেই চেক নিয়ে ব্যাংকে যান। ঐ তিনটি চেক লারসেন করপোরেশন, এ এইচ ইন্টারন্যাশনাল আর ইনফোসিস টেকনোলজি নামের তিন প্রতিষ্ঠানের নামে সেই টাকা স্থানান্তর করে জনতা ব্যাংক।