ইত্তেফাক রিপোর্ট
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ নভেম্বর রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে—নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইটি প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কর্মী, দুই দেশের রিক্রুটিং এজেন্সি ও নিয়োগকর্তার পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য যুক্ত করা হবে, যে কর্মীরা কাজ ত্যাগ করেছেন তাদের পুলিশ পুনরায় নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না এবং কর্মী যত দিন কর্মরত থাকবেন তত দিন তার দায়-দায়িত্ব বাংলাদেশ ও সৌদি রিক্রুটিং এজেন্সি বহন করবে। নারী কর্মীদের কাজের মেয়াদ শেষ হলে সৌদি রিক্রুটিং এজেন্সি তাদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। উভয়পক্ষ ভিসা বাণিজ্য বন্ধে বিস্তারিত আলোচনা করেন। সৌদি শ্রম আদালতে মামলা করার পদ্ধতি আরো সহজ করার বিষয়ে দুইপক্ষ একমত হয়। অসুস্থ কর্মীদের চিকিত্সা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যবীমা করার জন্য সৌদি কর্তৃপক্ষ/ কোম্পানি/ নিয়োগকারীদের বাধ্য করার উদ্যোগ গ্রহণ করা হবে।