দেশ জুড়ে মঞ্চনাটক প্রদর্শনীর পরিকল্পনা বাস্তবায়নে সুমনা হাউজিং লিমিটেড ও নাট্যধারার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুমনা হাউজিংয়ের চেয়ারম্যান হায়দার আলী ও নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু এ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে এক সংবাদ সম্মেলনে হায়দার আলী বলেন, ‘সিসাবিহীন ঢাকায় থাকি, সবুজের সমারোহে শ্বাস নিয়ে বাঁচি’—এই জয়গানে উদ্বুদ্ধ হয়ে মানবিক ও মানসিক উত্কর্ষ সাধনে সংস্কৃতি চর্চা ও নাট্যচর্চায় জড়িত হই। নাট্যধারাকে সঙ্গী করে আমরা আসছি ‘সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্যযাত্রা’ নিয়ে আপনার শহরে।’
বছরব্যাপী সুমনা হাউজিং-নাট্যধারা দেশ জুড়ে নাট্যযাত্রার উদ্বোধনী প্রদর্শনী হবে ৬ ডিসেম্বর শরীয়তপুর পৌর মিলনায়তনে। বিকাল ৪টায় শহিদ মিনার প্রাঙ্গণে কালেক্টরেট কিশলয় সংগীত একাডেমি শরীয়তপুর মঞ্চস্থ করবে পথনাটক ‘চন্দ্রালোক’ এবং সন্ধ্যা ৬টায় ঢাকার নাট্যদল নাট্যধারার মঞ্চনাটক ‘চার্লি’, রচনা ও নির্দেশনা লিটু সাখাওয়াত। —প্রেস বিজ্ঞপ্তি