গলাচিপায় শিশুপার্ক নির্মাণের আবেদন

পটুয়াখালী জেলার জনবহুল একটি উপজেলা গলাচিপা। অথচ এখানে শিশুদের জন্য কোনো পার্ক নেই। ২০০৭ সালের দিকে গলাচিপা উপজেলা চত্বরে একটি শিশুপার্ক ছিল। সেখানে শিশুসহ সব বয়সের মানুষ প্রতিদিনই প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাত। সিডরের পরে সেখানে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল নির্মাণ করা হয়। ফলে শিশুপার্কটির অস্তিত্ব দিনে দিনে বিলীন হয়ে যায়। এরপর অনেক বছর পার হয়ে গেলেও নতুন কোনো পার্ক নির্মিত হয়নি। পার্ক না থাকায় শিশুদের শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। শিশুরা তাদের অবসর কাটায় ঘরের কোণে বসে মোবাইলফোনে গেমসসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করে। সপ্তাহের একটিমাত্র ছুটির দিনেও তাদের বেড়ানোর কোনো জায়গা নেই। তাই খুব দ্রুত নতুন শিশুপার্ক নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী