আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুষ্ট লোকদের নিয়ে আওয়ামী লীগের পকেট কমিটি চলবে না। দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে ভেড়ানো যাবে না। বসন্তের কোকিল আমরা চাই না। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর শহিদ আলাউদ্দিন উদ্যান শিশু পার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশকে বাঁচাতে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে এবং গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। আর আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের বাঁচাতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এমপির সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ ীয় কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ ীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও আবদুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য গোলাম রব্বানী চিনু প্রমুখ।