আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপির একদফা আন্দোলনের হুমকির জবাবে বলেছেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে পাড়া-মহল্লা ও রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি হুমকি দেয় একদফা আন্দোলন করবে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করবে। তারা ঘোষণা দিয়েছে, ৫ তারিখের রায় যদি উলটাপালটা হয় একদফা আন্দোলন করবে। কত বড়ো নির্লজ্জ ব্যাপার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন করবে যদি রায় তাদের পক্ষে না যায়। রায় কি হবে না হবে সেটা তো সুপ্রিম কোর্ট জানে। এসব হুংকারে কোনো কাজ হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কোনো দিন হস্তক্ষেপ করেনি, করবেও না।
মোহাম্মদ নাসিম বলেন, সুপ্রিম কোর্টকে যারা হুমকি দেয় তাদের জানিয়ে দিতে চাই, বিএনপি আইন মানে না, আদালত মানে না। উচ্চ আদালতের বিরুদ্ধে হুংকার দিয়ে কোনো লাভ হবে না। হুমকি না দিয়ে বড়ো আইনজীবী নিয়োগ করে আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করুন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় কতবার বিচারের বাণী কেঁদে গেছে নিরবে তা দেশবাসী ভুলে যায়নি।
মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, মোহাম্মদ হানিফ কর্মীবান্ধব ও জনপ্রিয় নেতা ছিলেন। সুসময় নয়, দুঃসময়ের কর্মী হলো সত্যিকারের কর্মী। ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় মানবঢাল রচনা করে বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন তিনি।
বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মহানগরের সাবেক নেতা কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি, এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।