সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত দুই অটোরিকশা শ্রমিক সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে ৩টার দিকে বাবনা পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিলেট নগরীতে অটোরিকশা স্ট্যান্ড নিয়ে গত কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। সিটি করপোরেশন তাদের স্ট্যান্ড উচ্ছেদ করছে বলেও দাবি শ্রমিকদের। এই ইস্যুতে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে বিকালে ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক জানান, অটোরিকশা দুই সমিতির শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন। আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি খায়রুল ফজল জানান, শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উভয় সমিতির শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন দক্ষিণ সুরমা থানার ওসি ও শ্রমিক নেতৃবৃন্দ।