মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মানিকগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম হোসেন। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ বাসট্যান্ড এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে যুবলীগ নেতার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহত রুস্তমের চাচা মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বাবুল সরকারের অনুসারীরা তাকে জখম করেছে। রানা, উজ্জ্বল, আজাদসহ প্রায় ১০ জন চাপাতি, ছুরি এবং লাঠিসোঁটা নিয়ে অতর্কিত রুস্তমের ওপর হামলা চালায়। রুস্তম বাঁচার জন্য পালাতে গেলে চাপাতি দিয়ে মাথায় এবং পিঠে আঘাত করে।’ যুবলীগ নেতা রুস্তমকে দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ নেতাকর্মীরা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।